স্টাফ রিপোর্টার:
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। এর আগে তিনি নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, তাকে আগামী ১৬ আগস্টের মধ্যে নতুন কর্মস্থল চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করতে বলা হয়েছে। এজন্য বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করতে হবে। যোগদানের পর পিডিএসও হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
চাঁদপুর মেডিকেল কলেজের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে নতুন অধ্যক্ষের নেতৃত্বে আরও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


