চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের বাবুরহাট বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে নিউ ইমরান স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকা সত্ত্বেও ‘ডা.’ পদবি ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে জানকি মেডিকেল হলকে ১০ হাজার টাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের অভিযোগে ওলি উল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের সময় অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।