নজরুল বর্ষে চাঁদপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ফেস্টুন বিতরণ

স্টাফ রিপোর্টার:

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসেবে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয়। চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সমন্বয়ে ফেস্টুন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কাস আলী রেলওয়ে একাডেমি, ষোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল বিষয়ক ফেস্টুন বিতরণ করা হয়।

বিদ্যালয়গুলোর পক্ষে ফেস্টুন গ্রহণ করেন প্রধান শিক্ষক তাজুল ইসলাম, গোফরান হোসেন, মো. রেজাউল করিম প্রধানিয়া, সিনিয়র সহকারী শিক্ষক দীপ্তি রানী পাল ও প্রধান শিক্ষক তপন কুমার দাস।

চাঁদপুর সাহিত্য পরিষদের নজরুল বিষয়ক এ ভিন্নধর্মী আয়োজনের প্রশংসা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ সময় চাঁদপুর সাহিত্য পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

উল্লেখ্য, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের দশ আয়োজনের অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৪ আগস্ট) নজরুল বিষয়ক লিফলেট বিতরণ করা হবে।