স্টাফ রিপোর্টার:
চাঁদপুরের হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা আলহাজ্ব হুমায়ুন কবির প্রধানীয়া ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন হুমায়ুন কবির প্রধানীয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (২২ আগস্ট) চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জালিয়ারচর এলাকার প্রধানীয়া বাড়ি সংলগ্ন খোরশেদের মোড় মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন।
রাজনৈতিক অঙ্গনে আলহাজ্ব হুমায়ুন কবির প্রধানীয়া দীর্ঘদিন সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
তিনি এর আগে হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হাইমচর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হন।
তাঁর মৃত্যুতে হাইমচরের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


