স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে মেঘনা নদীর শাখা নদীতে শ্রমিকদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দুইজনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় চাঁদা হিসেবে উত্তোলন করা ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আরও একজন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারে আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ি। খবর পেয়ে এসআই রেদওয়ান আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চাঁদপুরের ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের ঈদগা বাজার সংলগ্ন মেঘনা নদীর শাখা নদীতে অভিযান পরিচালনা করেন।
আলুর বাজার নৌ পুলিশ ইনচার্জ পঙ্কজ কুমার দেব শর্মা জানায়, সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন-মোহাম্মদ কবির হোসেন (২৪) ও মোহাম্মদ মোখলেস গাজী (৩৩)। তাদের উভয়ের ঠিকানা ঈদগা বাজার, ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন, চাঁদপুর।
অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিরা স্টিলের ট্রলার ব্যবহার করে লেবার বডি থেকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদা আদায় করছিলেন। অভিযানের সময় স্টিলের বডিতে চাঁদা হিসেবে উত্তোলন করা ৭০০ টাকা পাওয়া যায়।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের সংশোধনী ২০২৪-এর ৪(১)/৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পুলিশের অভিযানের সময় আরও একজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানা গেছে।


