চাঁদপুর ভলিবল একাডেমির প্রীতি ম্যাচ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর ভলিবল একাডেমির আয়োজনে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়াম মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব জয়নাল আবেদীন জনু।

তিনি বলেন, চাঁদপুর ভলিবল একাডেমির কর্মকর্তারা নিয়মিত জেলার বিভিন্ন উদীয়মান খেলোয়াড়কে নিয়ে ভলিবল অনুশীলন করে যাচ্ছেন। তাঁদের এ ধারাবাহিক কার্যক্রমে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে।

চাঁদপুর ভলিবল একাডেমির সভাপতি ও চাঁদপুর আয়কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আমিনুল ইসলাম মোল্লা।

প্রীতি ম্যাচে টিম এ ও টিম বি-এর হয়ে অংশ নেন মাহিন, নাফি, রাহুল, আইমান, ইমন, আসিফ, আরিয়ান, তামিম, আব্দুল্লাহ, মিরাজ, ওয়াকিল, শাহাবুদ্দিন, ইয়াস, জুয়েল, আশরাফুল, সানি ও মোহাম্মদ। খেলা পরিচালনা করেন রেফারি অ্যাডভোকেট শাহ আলম ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক অ্যাডভোকেট ইয়াসিন আরাফাত ইকরাম।

খেলা শেষে প্রধান অতিথি জয়নাল আবেদীন জনুকে একাডেমির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সভাপতি, সাধারণ সম্পাদক ও খেলোয়াড়রা। এ ছাড়া প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি, ট্রাউজার ও ভলিবল খেলার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।