স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাইমচরে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পিস ইয়াবাসহ মোঃ জসিম উদ্দিন ওরফে ‘কানা জসিম’ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার জসিম একজন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতা সহ মোট ১৫টি মামলা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে হাইমচর থানার দক্ষিণ আলগী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে হাইমচর থানা পুলিশ।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় থানার এসআই গোলাম মোস্তফা, এসআই প্রিয়লাল ঘোষ, পিএসআই সৌরভ দাশ, এএসআই হান্নান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দক্ষিণ আলগীস্থ হাইমচর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিস থেকে টেককান্দি অভিমুখী সড়কের ইব্রাহিম ভূঁইয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে জসিম উদ্দিনকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির পেছনের গোচা থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার জসিম উদ্দিন হাইমচর উপজেলার দক্ষিণ আলগী এলাকার ইব্রাহিম ভূঁইয়া বাড়ির বাসিন্দা। তিনি আনোয়ার হোসেন ও সেলিনা বেগমের ছেলে।
এ ঘটনায় হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটির এফআইআর নং-৩১, তারিখ ৩০ আগস্ট ২০২৬ এবং জিআর নং-২২৬, তারিখ ৩১ আগস্ট ২০২৬।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জসিম উদ্দিন এর আগে গত ১৯ আগস্ট হাইমচর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৯২/৩৮৫/৪৬৩ ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক ও দস্যুতাসহ মোট ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান, মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। বিশেষ করে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
গ্রেপ্তার জসিম উদ্দিনকে সোমবার (৩১ আগস্ট) যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।


