স্টাফ রিপোর্টার:
চাকুরির শেষ কর্মদিবসে পরপারে পাড়ি জানালেন প্রধান শিক্ষক। বিদ্যালয়ে অবসর জনিত অনুষ্ঠানের সকল প্রস্ততি সম্পন্ন হয়। যখন অবসর জনিত বিদায়ি অনুষ্ঠান হওয়ার কথা ঠিক সেই সময়ে বিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছলো প্রধান শিক্ষক তপন কুমার সাহার মরদেহ। কর্মস্থলে বিদায়ি অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে চির বিদায় নেন তপন কুমার সাহা। হৃদয় বিদারক ঘটনাটি হাজীগঞ্জের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তপন কুমার সাহা এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। গতকাল সোমবার ৩১ আগস্ট শেষ কর্মদিবস ছিলো তপন কুমার সাহার।
নিহতের সহকর্মী তানজিলা আক্তার জানান, সোমবার দুপুরে স্যারকে বিদ্যালয় থেকে বিদায়ি অনুষ্ঠানসহ ক্রেস্ট দেয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। তার আগে এদিন ভোর রাতে আমরা ফোনে খবর পাই স্যার রাতে নিজ বাসাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
নিহতের আরেক সহকর্মী লিমা আক্তার জানান, সোমবার (৩১ আগস্ট) রাত ৩টার দিকে স্যার চাঁদপুর শহরস্থ নিজ বাসভবনে হৃদরোগ আক্রান্ত হন। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পূর্বেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে সহকর্মীসহ বহু শিক্ষার্থী রেখে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল আলম অরুন জানান, আজকে স্যারকে বিদ্যালয় থেকে বিদায় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছিলো। আমি সেখানে অতিথি ছিলাম। স্যারকে অনুষ্ঠানের মাধ্যমে বিদায় না দিয়ে চির বিদায় দেয়া হলো আজকে। স্যারের এমন অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরাসহ আমরা ব্যথিত ও ভারাক্রান্ত।


