শনিবার থেকে চাঁদপুরে শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

স্টাফ রিপোর্টার

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ র্কাযক্রম পরিচালিত হবে। এবং উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে যুক্ত থাকবে।

এ উপলক্ষে আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮টা ৪৫ মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নিজ নিজ প্রতিষ্ঠানের ডেঙ্গু প্রতিরোধের পরিকল্পনা ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে নিজ নিজ দপ্তরের অভ্যন্তরীণ পরিবেশ, আঙিনা ও পার্শ্ববর্তী এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা বলা হয়েছে।

এছাড়া প্রতিটি প্রতিষ্ঠানকে অভিযানের আগের স্থিরচিত্র ও ভিডিওচিত্র এবং অভিযান-পরবর্তী স্থিরচিত্র ও ভিডিওচিত্র সংরক্ষণ করে পরবর্তী সময়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণের জন্য প্রস্তুত রাখতে বলা হয়েছে।

চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা প্রশাসন, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা প্রেস ক্লাব, সাংবাদিক ফোরাম, এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সংশ্লিষ্টদের এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে তিন মাসব্যাপী এ অভিযান ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।