স্টাফ রিপোর্টার
হাইমচরে বিশেষ অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ নাঈমুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) হাইমচর থানাধীন দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চরকৃষ্ণপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার নাঈমুল ইসলাম পূর্ব চরকৃষ্ণপুর এলাকার ডাঃ আব্দুল কুদ্দুছ আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ হারুন রশিদ, এএসআই (নিঃ) সিরাজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় পশ্চিম চরকৃষ্ণপুরে দেলোয়ার মেম্বারের বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে পাকা সড়কের ওপর সন্দেহভাজন নাঈমুল ইসলামকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পাশের পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় হাইমচর থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নং-১৩, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নং-২৩৯, তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবা বলেন, “মাদকের বিরুদ্ধে হাইমচর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ সর্বদা তৎপর। হাইমচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


