স্টাফ রিপোর্টার
শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহরাস্তি মডেল থানার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পরানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহের হোসেন এবং শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, হাবিবুর রহমান নূর, হেমায়েতুল ইসলাম সুমন, মনিরুল ইসলাম, মোস্তফা কামাল ও আব্দুল হক, খিলা বাজার স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রিন্সিপাল ইমরান হোসাইন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল খান বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম এবং মহিলা নেত্রী রওশান আরা।
এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বক্তারা মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
পরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি র্যালি বের করা হয়। র্যালিটি খিলা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আয়োজক, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


