স্টাফ রিপোর্টার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চাঁদপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম।
বক্তব্যে তিনি বলেন, “বিএনপি পুলিশ দিয়ে প্রতিপক্ষকে মোকাবিলা করবে না। বিএনপি রাজপথে থেকে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলা করবে।” তিনি দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি কোনো হুমকিকে গুরুত্ব না দিয়ে রাজপথে থাকবে এবং কেউ যাতে অন্যায়ভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
চাঁদপুর জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল হাই দুলাল, মো. আনা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিল হাওলাদার, আজিজ আহমেদ মানিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব ছৈয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, কচুয়া ও শাহরাস্তি উপজেলা এবং বিভিন্ন পৌর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইতুল আমিন মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


