চাঁদপুরে হার্ডওয়্যার দোকানে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি হার্ডওয়্যার প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চাঁদপুরের হাজী মহসিন রোড ও চিত্রলেখা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নাম-ঠিকানাবিহীন পণ্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন পণ্য, খুচরা মূল্য উল্লেখ না থাকা এবং অনুমোদনহীন পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে চাঁদপুর হার্ডওয়্যারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার আওতায় থাকা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের থিনার, তারপিন, রং, বার্নিশ ও সুপার গ্লুসহ অন্যান্য পণ্য ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।

অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।