স্টাফ রিপোর্টার
চাঁদপুরের হাইমচরে শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, পরিচালনা কমিটি, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানে মনোযোগ এবং নৈতিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে হবে। হাইমচরের শিক্ষার পরিবেশ উন্নয়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে অবকাঠামোগত উন্নয়ন, পাঠদানের মান বৃদ্ধি ও নিয়মিত তদারকির মাধ্যমে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হাইমচর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বেদারুল আলম, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, বাজাপ্তী রমনী মহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, হাইমচর উত্তর চরভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার হোসেন পলাশ, আলগী বাজার আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. মো. জিল্লুর রহমান, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু জাফর শেখ ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ অন্যরা।
সভা যৌথভাবে পরিচালনা করেন একাডেমিক সুপারভাইজার আহসানুল হক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কাটাখালি হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. শরীফ হোসেন এবং গীতা পাঠ করেন ৭২ নম্বর লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীমা দেবনাথ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, ডি এম শাহাজাহান, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারীসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও শিক্ষক প্রতিনিধিরা।


