শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন —জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ

স্টাফ রিপোর্টার

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়ালেখায় মনোযোগ বাড়াতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চাঁদপুরের জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ। রবিবার সকালে ফরিদগঞ্জ উপজেলার লাউতলি শাহ-আলম মডেল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান। গিয়াস উদ্দিন ও মফিজুল ইসলামের যৌথ সঞ্চালনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেয়।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মন্নান সাহেব, রহিম জমদার, নুরু পাটওয়ারী, ফারুক আমিন, খোরশেদ আলম, মাসুদ মেম্বার, সুমন জমদার, টিপু পাটওয়ারী, গিয়াস উদ্দিন চৌধুরী, সোহাগ চৌধুরী, কামাল হাজী, জুয়েল হাজী, আফজাল হাজী, রাছেল জমদার। এসময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।