চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় হিরা ডেন্টাল কেয়ার ও ফার্মেসিকে ৫ হাজার টাকা এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে অনুসরণ না করায় ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মূল্যতালিকা না থাকা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান স্টোরকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি না করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।