স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে গরুর খামারের বর্জ্য ফেলায় এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সদর উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ) ধারা লঙ্ঘন করে পুকুরের অংশবিশেষ ভরাট করে সেখানে গরুর খামারের বর্জ্য ফেলা হচ্ছিল। এ অপরাধে মো. শাহাদাত হোসেন গাজী (৩০)-কে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ সময় ভরাটকৃত অংশ খনন করে অপসারণ করা বর্জ্য পরিবেশসম্মতভাবে ব্যবস্থাপনার নির্দেশ দেওয়া হয়। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


