স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ফোন কোম্পানির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বেগের বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘনবসতিপূর্ণ এলাকায় মোবাইল ফোন কোম্পানি রবির নেটওয়ার্ক টাওয়ার নির্মাণ করা হলে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর সম্ভাব্য বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তাই নির্মাণকাজ বন্ধ রেখে বিষয়টি তদন্তের দাবি জানান তারা।
স্থানীয়দের পক্ষ থেকে মহিউদ্দিন নামের এক ব্যক্তি টাওয়ারের নির্মাণকাজ স্থগিত ও তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গণস্বাক্ষর সম্বলিত লিখিত আবেদনও করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামের বেগের বাড়ির ঘনবসতিপূর্ণ এলাকায় ইসমাইল বেগের জমিতে টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়েছে। এ নিয়ে থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও নির্মাণকাজ অব্যাহত রয়েছে বলে তাদের অভিযোগ।
এ অবস্থায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা, নিরাপত্তার মানদণ্ড এবং পরিবেশগত শর্ত যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা যাচাই করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হোক। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, মহিউদ্দিন, নুর নবী বেপারি, রাফিয়া বেগম, সানজিদা আক্তার, রাবেয়া বেগম, আছিয়া আক্তার প্রমুখ।


