বালিয়ায় মেম্বার প্রার্থী ইউসুফ পাঠানের শোডাউন

স্টাফ রিপোর্টার

আসন্ন ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মো. ইউসুফ পাঠানের নেতৃত্বে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) অনুসারীদের নিয়ে শোডাউন শেষে তিনি বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় যোগ দেন। এ সময় তিনি নিজের নির্বাচনী প্রত্যাশা ও এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

মো. ইউসুফ পাঠান বালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘উন্নয়নের স্বপ্ন সবার সঙ্গে, স্মার্ট ওয়ার্ড গড়ার প্রত্যয়ে আসন্ন নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, যুবসমাজের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, নিরাপদ পানির ব্যবস্থা ও পরিবেশ রক্ষায় কাজ করতে চাই। পাশাপাশি ওয়ার্ডবাসীর জন্য সুষ্ঠু ও ন্যায়সংগত সেবা নিশ্চিত করতে চাই।’

সুশাসন ও সামাজিক নিরাপত্তার বিষয়ে ইউসুফ পাঠান দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ওয়ার্ড গড়ার অঙ্গীকার করেন। এ ছাড়া বিধবা, বয়স্ক ও অসহায় প্রতিবন্ধীদের সরকারি ভাতা প্রাপ্তি নিশ্চিত করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সৃষ্টি এবং মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘সেবাই আমার রাজনীতি। অবহেলিত ২ নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের বিশ্বাস অর্জন করতে চাই।’