পচা ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. নজরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ দেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।

অভিযানকালে বিক্রির জন্য সংরক্ষণ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। পাশাপাশি মাছ ব্যবসায়ীদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চাঁদপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য মো. বিপ্লব সরকার, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।