স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
গত ৩১ অক্টোবর (শনিবার) চাঁদপুর লঞ্চঘাট এলাকার জুয়েলের সিএনজি ওয়ার্কশপে অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় লঞ্চঘাটসংলগ্ন টিলাবাড়ি এলাকার মো. রনি (২৬) নামের এক ব্যক্তিকে ইয়াবা সেবন করে মাতলামি করা অবস্থায় এবং ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
পরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রনিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল প্রসিকিউশন দাখিল করেন।
একই দিন একই স্থানে পৃথক অভিযানে চেয়ারম্যানঘাট এলাকার ডাক্তারবাড়ির মনির হোসেন (২২) নামের আরেক ব্যক্তিকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। তাকেও কারাগারে পাঠানো হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. সোহেল প্রসিকিউশন দাখিল করেন।


