স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার মোড়ে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, ৫ টনি একটি ট্রাক ও ১৩ টন রডসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটে পৌরসভার ১৩ নং ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো: মো. জামাল হোসেন (৪২) ও মো. নিজাম উদ্দিন (৩০)। তাদের উভয়ের স্থায়ী বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলায়। বর্তমানে তারা চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা, একটি হলুদ রঙের ৫ টনি ট্রাক এবং ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করা হয়।
পুলিশের তথ্যমতে, ট্রাকটির আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা এবং রডের মূল্য ১৩ লাখ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


