চাঁদপুরে শুরু বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক টিকা প্রদান

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক রোগ প্রতিরোধী টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর পৌর পাঠাগার প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদানের কার্যক্রম সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। কুকুরকে নিয়মিত টিকা প্রদান করা হলে জলাতঙ্ক রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) দেবাশীষ চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ, চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জসীম উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও ফেরদৌস আলম বাবু, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আরিফ মহিউদ্দিন চৌধুরী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু।
এছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. মো. নূর-নবী প্রামানিক, ফিল্ড সহকারী রবিন উদ্দিন, চাঁদপুর পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. মফিজ উদ্দিন হাওলাদার, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী সামছুদ্দোহা, পৌর হাফেজ মাহমুদা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুরাইয়া বেগমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে প্রধান অতিথি শেখ ফরিদ আহম্মেদ মানিকসহ অতিথিবৃন্দ বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদানের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।