স্টাফ রিপোর্টার
আধুনিক সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার, পেশাগত নৈতিকতা এবং প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর প্রেস ক্লাবে আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এবং চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় ৬ ও ৭ নভেম্বর (শুক্রবার ও শনিবার) এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কর্মশালার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব’।
এতে চাঁদপুরের সাতটি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক আমন্ত্রিত সাংবাদিক অংশগ্রহণ করবেন। চাঁদপুর প্রেস ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এত বৃহৎ পরিসরে আধুনিক সাংবাদিকতা ও এআই বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের প্রথম দিন শুক্রবার জুমার নামাজের পর দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু হবে। উদ্বোধন করবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এতে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রশিক্ষক দলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অভিজ্ঞ দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একটি দল প্রশিক্ষণ পরিচালনা করবেন। প্রশিক্ষক দলের নেতৃত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান। প্রশিক্ষক হিসেবে আরও থাকবেন অধ্যাপক ড. গ্রেগ সাইমনস, প্রভাষক মেহরাবুল হক এবং প্রভাষক তানভীর আহমেদ।
প্রশিক্ষণে সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহার, ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি), ক্রাউডসোর্সিংয়ের ব্যবহার, সামাজিক যোগাযোগমাধ্যম ও এআই যুগে সাংবাদিকতার মূলনীতি এবং সংবাদ গ্রাফিক্সের প্রাথমিক ধারণাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
আয়োজকদের আশা, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং আধুনিক সাংবাদিকতার বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় তাঁরা আরও দক্ষ হয়ে উঠবেন।
প্রশিক্ষণার্থীদের জন্য দুপুরের খাবার ও বিকেলের নাশতার ব্যবস্থা রাখা হয়েছে। মনোনীত প্রশিক্ষণার্থীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
প্রশিক্ষণ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।


