স্টাফ রিপোর্টার
চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো.মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন বাহার এবং জেলা ক্রীড়া কর্মকর্তা আফাজ উদ্দিনসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কয়েক শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।নতুন কুঁড়ি স্পোর্টসের এ আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সারাদেশে একযুগে উদ্বোধন হওয়া এ খেলায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী, মাদক থেকে ফিরিয়ে আনাসহ খুবই কার্যকর হবে বলেও জানান অভিভাবক ও শিক্ষকরা।


