পানি বন্দিদের জন্য ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান

হেলাল আহমাদ, চাঁদপুর :
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, চাঁদপুর সদরের হানারচর, লক্ষীপুর, বালিয়া, বাগাদী, চান্দ্রাসহ বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অঞ্চলগুলো বেড়িবাঁধের ভেতর হওয়ায় বৃষ্টির পানি আটকে বাড়ির উঠোন, রান্নাঘর, বসতবাড়িতেও পানি ঢুকে গেছে। প্রায় সপ্তাহখানেক হলেও পানি বের করার কার্যকর উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
খাবার সংকটে আছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। বিদুৎের লোডশেডিং মরার ওপর খড়ার ঘা হয়ে দাড়িয়েছে। মানুষ চলাচলের রাস্তাঘাটগুলোতে কোমড়পানি হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। সদরের এসব এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা ও শুকনো খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে। সমাজের বিত্তবানরা দ্রুত এসব অঞ্চলে নজর না দিলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে।
আজ সোমবার সকাল ১০টায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ১৩ নং হানারচর ইউনিয়নের জনবহুল শেখবাড়ির ডুবন্ত রাস্তায় বালুর বস্তা ফেলে মানুষ চলাচল করার কাজের উদ্বোধনকালে তিনি উপরোক্ত কথা বলেন।
উদ্বোধনকালে তিনি বানভাসি মানুষের পাশে রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাড়ানো এই মুহূর্তে খুবই প্রয়োজন। বিপদে মানুষের পাশে দাড়ানোই নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা।
সদর উপজেলা সভাপতি যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মনির হোসেনসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার স্বেচ্ছাসেবীগণ।