চাঁদপুরে ৭ হত্যাকাণ্ড : নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি 

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নৃশংস সাত নৌ-যান শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে এই কর্মসূচি শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এদিকে দাবি আদায়ে ফেডারেশনের সাথে একাত্মতা ঘোষণা করে সকাল থেকে চাঁদপুরে নৌ-যান শ্রমিকদের কর্মবিরতি পালন করতে দেখা গেছে।
নৌ-যান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মাঝেরচর এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনসহ ভুক্তভোগী পরিবারকে বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও নৌ পথের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতি চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে কর্মবিরতি দীর্ঘায়িত হলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামে প্রভাব পড়া সম্ভাবনা রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এছাড়াও জ্বালানি তেলের সংকটে পড়বে চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী সহ আশেপাশের কয়েকটি জেলা।