বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার

মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের কৃতী সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার আর নেই। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় হরিনা কবরস্থান সংলগ্ন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে হরিনা কবরস্থানে দাফন করা হয়।

দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এ সময় মতলব উত্তর থানার একটি চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র তানভীর হুদা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মরহুম ফজলুল করিম শিকদার এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশ নেওয়া মানুষজন মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।