ফরিদগঞ্জ ও কচুয়ায় ভোট বুধবার

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:

চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আজ বুধবার অনুষ্ঠিত হবে। যদিও এ নির্বাচন গত বুধবার ২৯ মে অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত ছিল। ঘূর্ণিঝড় রিমেল এর প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে নির্বাচন আয়োজনের দিন পরিবর্তন করা হয়। নির্বাচন দুটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম ভোটিং মেশিন এর মাধ্যমে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন আয়োজনের । নির্বাচনে ভোট গ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হয়েছে ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। ভোটারদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পাঁচ স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা । আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্য । নির্বাচনে দুটি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী।
কচুয়া উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৩০ হাজার ৫শ ২৫ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১০ টি। ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৬শ ৬২ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৮ টি।
দুটি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে মঙ্গলবার (৪ জুন) দুপুরের পর থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ব্যালট ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম । প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এসব সরঞ্জামাদি গ্রহণ করে দুপুরেই রওনা হন নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে।
এ উপজেলায় ৩টি পদে নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী অংশ নিয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন- আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার ( প্রতীক চিংড়ি) ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি ইঞ্জি: মোহাম্মদ আমির আজম রেজা (প্রতীক আনারস)। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন (প্রতীক চশমা), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির (প্রতীক তালা), যুবলীগ নেতা কামরুজ্জামান পাটওয়ারী সবুজ (প্রতীক বই)। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম (প্রতীক ক্যামেরা), সাবেক ভাইস চেয়ারম্যান রিনা নাসরীন (প্রতীক ফুটবল) উপজেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি হালিমা বেগম (প্রতীক পদ্মফুল)।
নির্বাচনী অনুষ্ঠান বিষয়ে উপজেলা সহকারি রিটার্নিং অফিসার মুহম্মদ রায়হান আরেফীন জানান- ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনের জন্য মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন, মোট ভোটার ৩ লক্ষ ৭২ হাজার ৬৭৯ জন। এসব কেন্দ্রের জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে ৪ স্তরের আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘ্ন করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে কচুয়া উপজেলা নির্বাচন নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। সবার মাঝে আলোচনা কারা হচ্ছেন কচুয়া উপজেলা পষিদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান? । উপজেলার উল্লেখযোগ্য আ.লীগের নেতারা নির্বাচনে প্রার্থী হওয়ায় টানটান উত্তেজনা বেড়েছে বহুগুণে। বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী মাঠে আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী বেপারী, আছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মাহবুব আলম। এছাড়াও মাঠ চষে বেড়িয়েছেন আওয়ামীলীগ নেতা ফয়েজ আহম্মেদ স্বপন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই।
ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরাও পিছিনে নেই। নির্বাচনী মাঠ চষে বেরিয়েছেন সাংবাদিক নেতা রাকিবুল হাসানও। বলছেন, উপজেলার সমস্যাগুলো চিহ্নিত, তাই সমাধানে ভূমিকা রাখতে পারবেন তিনি।
ভোট কাকে দিবেন এ নিয়ে ভোটাররা দুদল্যমান থাকলেও সৎ ও যোগ্যতাকেই প্রাধান্য দিবেন এমনটা বলছেন তারা।
কচুয়ায় ১৫জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কচুয়ায় ৩লাখ ২৫হাজার ৭শ ৫৯জন ভোটার রয়েছে।