চাঁদপুর কুমিল্লা রোডে চালু হল আইদি পরিবহন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবস্থিত পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম পরিচালনায় অর্থ সহায়তায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কে যাত্রী সেবা দিতে কার্যক্রম শুরু করেছে আইদি পরিবহন । এই বাস সার্ভিসের সম্পূর্ণ আয়ের অর্থ এই বৃদ্ধাশ্রমে ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (৬ জুন) সকাল ৯ টায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পরিবহনের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইদি পরিবহনের চাঁদপুর সমন্বয়ক কাউন্সিলর কবির হোসেন।

সকালে ফিতা কাটে দোয়া আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় পরিবহন সংস্থাটির যাত্রী সেবা সার্ভিস। দোয়া আয়োজনের পর উপস্থিত যাত্রী এবং পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে পরিবহন সংস্থার সমন্বয়ক কাউন্সিলর কবির হোসেন জানান,শুরুতে পরিবহনের ২০টি বাসের মাধ্যমে যাত্রীদের সেবা দেওয়া হবে । এর মধ্যে ১০ টি বাসে রয়েছে এয়ারকন্ডিশন ব্যবস্থা। প্রাথমিক অবস্থায় বাসগুলো ৮টি স্টপেজের মাধ্যমে চাঁদপুর থেকে খাজুরিয়া পর্যন্ত চলাচল করবে। পরবর্তীতে যাত্রী সেবা কুমিল্লা পর্যন্ত চালু করা হবে এবং যাত্রী সেবায় বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে । পরিবহন থেকে আয়ের পুরো লভ্যাংশ ব্যয় করা হবে চাঁদপুর শাহারাস্তিতে নির্মিত পেয়ারা বেগম বৃদ্ধাশ্রমের কল্যাণে। প্রাথমিক অবস্থায় বাসগুলো চলবে চাঁদপুর থেকে খাজুরিয়া পর্যন্ত। চাঁদপুর সদর, মহামায়া, বাকিলা, হাজীগঞ্জ, আলীগঞ্জ, দোয়াভাঙ্গা, কালিয়াপাড়া ও খাজুরিয়াসহ মোট ৮টি স্থান থেকে যাত্রী ওঠা-নামার স্টপ নির্ধারণ করা হয়েছে ।

তিনি আরো জানান যেহেতু চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আরেকটি পরিবহন যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। সেহেতু আমাদের লক্ষ্য থাকবে সড়কে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমরা নিজেদের মধ্যে সমন্বয় করে যাত্রীদের কল্যাণে সেবা দিয়ে যাব।

এদিকে উদ্বোধনের প্রথম দিন বিনামুল্যে যাত্রী সেবা দিচ্ছে পরিবহনটি।