অপপ্রচার রোধে সচেতন নাগরিক গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের

স্টাফ রির্পোটার:

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ‘সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার : প্রেক্ষাপট ও আমাদের করণীয়’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

জেলা প্রশাসক আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস অনুসরণ এবং গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। সচেতন নাগরিক ও দায়িত্বশীল তথ্য চর্চাই বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমত, গণপূর্ত বিভাগ চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মুহা. মিজানুর রহমান, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন ও রিয়াদ ফেরদৌস, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, লেখক ও সংগঠক লিটন ভুঁইয়া, জেলা তথ্য অফিসার তপন রায়, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এবং লেখক ও সাংবাদিক আশিক বিন রহিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।