চাঁদপুরের সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট-২০২৬

স্টাফ রির্পোটার :

“আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা” এই কালজয়ী প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’। সোমবার (২২ জুন) বিকাল ৩টায় চাঁদপুর শহরের বাবুরহাট কলেজ মাঠে এই সময়োপযোগী ও জনসচেতনতামূলক ইভেন্টের আয়োজন করা হয়। সামাজিক সংগঠন ‘তারুণ্যের আলো’ এবং ‘ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপ, চাঁদপুর’-এর যৌথ উদ্যোগে এই সফল কর্মসূচি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রবিউল হাসান।

জমকালো উদ্বোধনী পর্বের পর শুরু হয় মূল আকর্ষণ সচেতনতামূলক আলোচনা সভা। সভায় বক্তারা বর্তমান সময়ে ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে গৃহস্থালি ও কর্মক্ষেত্রে অগ্নিনিরাপত্তা জোরদার করা, যেকোনো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি মোকাবেলা করা এবং সাইবার বা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় বক্তব্য উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর পর্ব ছিল একটি বাস্তবমুখী ফায়ার ড্রিল (অগ্নিনির্বাপণ মহড়া) প্রদর্শনী। ফায়ার সার্ভিসের বিশেষ দলের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে কীভাবে সিলিন্ডার গ্যাস বা সাধারণ আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তার বাস্তব কৌশল সরাসরি প্রদর্শন করা হয়। উপস্থিত দর্শক ও শিক্ষার্থীরা এই প্রদর্শনী থেকে জরুরি সময়ে জীবন ও সম্পদ রক্ষার কার্যকর উপায়গুলো বাস্তবে শেখার সুযোগ পান।

ব্যতিক্রমী এই আয়োজনটি দেখতে বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী মাঠে উপস্থিত ছিলেন। এছাড়াও চাঁদপুর জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করে তোলেন। উপস্থিত সুধীসমাজ তরুণদের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং নিরাপদ সমাজ গঠনে এমন আয়োজন নিয়মিত করার তাগিদ দেন।