নূরানী কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া উৎসব

স্টাফ রির্পোটার:

শাহরাস্তি নূরানী কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে ঠাকুর বাজার সংলগ্ন শ্রীপুরে অবস্থিত নূরানী কিন্ডারগার্টেন মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী শহীদুল্লাহ মিয়াজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও শাহরাস্তি পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তার হোসেন পাটোয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। নূরানী কিন্ডারগার্টেন থেকে গুণগত শিক্ষা গ্রহণ করে আগামী দিনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার আহ্বান জানিয়ে বলেন, তাদের নিয়ে সমাজ ও দেশের অনেক স্বপ্ন রয়েছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আব্দুল কুদ্দুস রানা, নূরানী কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক হাজী একরামুল হক পাটোয়ারী এবং সহ-সাধারণ সম্পাদক হাজী ওমর ফারুক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নূরানী কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হাবিবুল হক মানিক। সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শামসুল ইসলাম, হাফেজ কাউসার আলমসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।