স্টাফ রির্পোটার:
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে চাঁদপুর পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার, আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত মো. রবিউল হাসান।
ব্রিফিং প্যারেডে আগামী ২৭ জুন থেকে শুরু হতে যাওয়া ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি প্রার্থীদের সঙ্গে মানবিক, পেশাদার ও সম্মানজনক আচরণ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, নিয়োগ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা হয়রানির সুযোগ নেই। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়, যাতে পুরো নিয়োগ প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা অটুট থাকে।
ব্রিফিং প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন হেডকোয়ার্টার্স, ঢাকার পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড অপারেশনস) সাইফুল্লাহ মো. নাছির।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, ফেনীর সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) মো. ইমতিয়াজ আহম্মেদসহ চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ কার্যক্রম শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল সদস্যকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে, যাতে নিয়োগ কার্যক্রম সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়।


