মাদকবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার:

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে জিয়া স্পোর্টিং ক্লাব ও ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। নকআউট পর্ব শেষে ফাইনালে একতা একাদশ ও ফ্রেন্ডস ক্লাব মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে একতা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান। তিনি বলেন, এ ধরনের ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী আয়োজন যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি খেলাধুলার মাধ্যমে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামের তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সন্তানদের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আবুল কাশেম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমির গাজী এবং মো. ফারুক হোসেন পাটোয়ারী।

এ সময় আয়োজক কমিটির সদস্য জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইসমাইল হোসেন ইমন, নুর আলম ও রবিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।