মতলব যুব উন্নয়ন সংস্থার নতুন কমিটি

স্টাফ রিপোর্টার:

সামাজিক উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি এবং মানবকল্যাণে কাজ করার প্রত্যয়ে মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংস্থার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জুলাই অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। এতে মো. আনিসুর রহমান খান জামান সভাপতি, ছিয়ান আহমেদ সুজন মিয়াজী সাধারণ সম্পাদক এবং ইঞ্জি. জাকির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ ও সম্মানিত সদস্য হিসেবে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি মো. আনিসুর রহমান খান জামান বলেন, মতলবের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনের প্রধান লক্ষ্য।

সাধারণ সম্পাদক ছিয়ান আহমেদ সুজন মিয়াজী বলেন, তরুণদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। এজন্য তিনি মতলববাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. জাকির হোসেন জানান, নদীবেষ্টিত মতলব অঞ্চলের তরুণদের দক্ষতা, সততা ও মেধাকে কাজে লাগিয়ে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থানমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজকে জনসম্পদে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে।

‘আস্থায় তারুণ্য, সেবায় বিলীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উচ্চশিক্ষিত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিদ, ব্যবসায়ী ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত সংগঠনটি আগামী দুই বছরে সমাজকল্যাণ, মানবসেবা, যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক নানা কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।