স্টাফ রিপোর্টার:
চাঁদপুর সরকারি মহিলা কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) ভোর ৬টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।
পরে সকাল ৮টায় জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৯টায় জুলাই শহিদদের জীবন ও আত্মত্যাগের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘পৃথিবীতে কোনো ফ্যাসিস্ট সরকারই শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বাংলাদেশেও ২০২৪ সালে এর ব্যত্যয় ঘটেনি।
আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান।


