চাঁদপুরে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের নৃত্য প্রতিযোগিতা ও উৎসব

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৃত্য প্রতিযোগিতা ও নৃত্য উৎসব। সংগঠনটির ৩৯ বছরে পদার্পণ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে ও প্রান্ত সেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নৃত্য প্রতিযোগিতার বিচারক দীপ দত্ত আকাশ।

এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর পাটওয়ারী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শরীফ চৌধুরী, সফিউল আলম বাবু ও ফারুক আহম্মেদসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

নৃত্য প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের মোট ছয়জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার ও সনদ তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের মধ্যে নৃত্য ও সংস্কৃতির চর্চা ছড়িয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সপ্তরূপা নৃত্য শিক্ষালয়। সংগঠনটির ৩৯ বছরের পথচলায় এ ধরনের আয়োজন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, অভিভাবক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের সভাপতি কাদের পলাশ, সহসভাপতি মাইনুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক অনিমা সেন চৌধুরী।