হাজীগঞ্জে সিএনজিতে ওঠার পর শিশু সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

স্টাফ রির্পোটার:

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিতে ওঠার পর শাহিদা আক্তার (৩০) নামে এক গৃহবধূ তাঁর দুই বছরের শিশু কন্যা জুবাইদাকে নিয়ে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় হাজীগঞ্জhttps://crrnews24.com/wp-admin/edit.php?post_type=page থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শাহিদা আক্তার উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মৈশামূড়া শেখ বাড়ির মো. শফিকের স্ত্রী। তাঁর বাবার বাড়ি একই উপজেলার পাঁচৈ মাদ্রাসা বাড়ি এলাকায়। তাঁর বাবার নাম আবুল হোসেন। শাহিদা দুই সন্তানের জননী; তাঁর একটি ছেলে সন্তান রয়েছে, যার বয়স ৮ বছর।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টা ৫৪ মিনিটের দিকে শাহিদা তাঁর দুই বছরের মেয়ে জুবাইদাকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি মৈশামূড়া থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি।

সিএনজিতে ওঠার কিছুক্ষণ পর চালক তাঁকে অন্যদিকে নিয়ে যাচ্ছে বুঝতে পেরে শাহিদা তাঁর বাবার মোবাইল ফোনে কল করেন। এ সময় তিনি বলেন, “আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমি জানি না।” বাবার সঙ্গে প্রায় ২৬ সেকেন্ড কথা বলার পর তাঁর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থেকে শাহিদা ও তাঁর মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পাননি। পরে বিষয়টি জানিয়ে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজ শাহিদার উচ্চতা প্রায় ৪ ফুট ১১ ইঞ্চি এবং ওজন আনুমানিক ৫০ কেজি বলে পরিবার জানিয়েছে।

শাহিদার বাবা আবুল হোসেন বলেন, “শুক্রবার ভোরে আমার বাড়িতে আসার জন্য সে রওনা হয়। কিছুক্ষণ পর আমাকে ফোন করে জানায়, সিএনজি তাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এরপরই ফোন বন্ধ হয়ে যায়। আমি আমার মেয়ের সন্ধান চাই।”

পরিবারের পক্ষ থেকে নিখোঁজ নারী ও তাঁর শিশুকন্যার সন্ধানে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে। শাহিদার ছোট বোন শাহানা আক্তার এ বিষয়ে থানায় আবেদন করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, “আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি।”