স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রীর ঘোষিত নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুরে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী নাট্যোৎসব। থিয়েটার ফোরাম চাঁদপুরের আয়োজনে আগামী ২২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে এ উৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ২২ আগস্ট বিকেল সাড়ে ৫টায় নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে থিয়েটার ফোরাম চাঁদপুরের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্ল্যাহ সেলিম। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট লেখক, নাট্যকার ও নির্দেশক মইনুদ্দিন লিটন এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা।
উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে আগামী ২ সেপ্টেম্বর। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি ও লেখক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজিদ।
আয়োজকরা জানান, ১০ দিনব্যাপী এ উৎসবে চাঁদপুরের ১০টি নাট্যদলের পাশাপাশি ১০টি সাংস্কৃতিক ও নৃত্যসংগঠন অংশ নেবে। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে নাটক।
উৎসবের প্রথম দিন ২২ আগস্ট নৃত্যানুষ্ঠানের পর বর্ণচোরা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় ‘গিটঠু’ নাটক মঞ্চস্থ হবে। ২৩ আগস্ট মেঘনা থিয়েটার পরিবেশন করবে ‘ভাঙ্গা গ্লাস’। ২৪ আগস্ট অরূপ নাট্যগোষ্ঠীর ‘প্রেমের আলো’, ২৫ আগস্ট স্বরলিপি নাট্যাগোষ্ঠীর ‘স্বপ্ন-দুঃস্বপ্ন’ মঞ্চস্থ হবে।
২৮ আগস্ট বর্ণমালা থিয়েটারের ‘গ্রন্থিক’, ২৯ আগস্ট চাঁদপুর ড্রামার ‘বৌমা’, ৩০ আগস্ট নটমঞ্চের ‘তামাশা’, ৩১ আগস্ট অনুপম নাট্যগোষ্ঠীর ‘পুনর্জন্ম’ এবং ১ সেপ্টেম্বর চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের ‘মহুয়া’ নাটক পরিবেশিত হবে।
সমাপনী দিনে ২ সেপ্টেম্বর সপ্তসুর সঙ্গীত একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পরে অন্যন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চস্থ হবে ‘জলরূপালী’ নাটক।
জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ নাট্যোৎসবকে ঘিরে ইতোমধ্যে নাট্যাঙ্গন ও সংস্কৃতিকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) এবং ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যোৎসবের নিয়মিত কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৭ আগস্ট নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বিকেল ৪টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


