মতলব দক্ষিণে বীর মুক্তিযোদ্ধা আবুল বাসারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে নারায়ণপুর মীরবাড়ি পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারকে দাফন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত অখিল, এসআই দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ সরকারসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, নারায়ণপুর প্রেসক্লাব তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।