পুরানবাজার হরিজন কলোনিতে নিয়াজ মোর্শেদের উঠান বৈঠক

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর পৌরসভার নাগরিক সেবার মান বৃদ্ধি, অব্যবস্থাপনা দূর করা এবং দুর্নীতিমুক্ত ও আধুনিক পৌরসভা নির্মাণের নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর চাঁদপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরানবাজার হরিজন কলোনিতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী খান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করছেন। নির্বাচিত হলে পৌর এলাকার সব শ্রেণি-পেশার মানুষের সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবেন। এ সময় তিনি চাঁদপুর পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে আসর নামাজ ওসমানীয়া মাদ্রাসা মসজিদে আদায় করে শিশুদের নিয়ে ইসলামী গান, ছড়া ও গল্পের আয়োজন করা হয়। পরে চাঁদপুর পৌরসভার পুরানবাজার ১ ও ২ নম্বর ওয়ার্ডে তিনটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় স্থানীয় নাগরিকরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, পুরানবাজারের নতুন রাস্তা, মেয়র রোড ও ট্রাক রোডের বেহাল দশা দীর্ঘদিনের। এসব রাস্তা দ্রুত সংস্কার করা প্রয়োজন। এছাড়া ডাস্টবিনের আশপাশে ও বিভিন্ন সড়কে ময়লার স্তূপ পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগের পাশাপাশি এলাকার পরিবেশও দূষিত হচ্ছে। অনেক সময় ময়লা অপসারণের পর বিলেসিন পাউডার ছিটানোর কারণেও দুর্গন্ধে পরিবেশ ভারী হয়ে ওঠে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

হরিজনপল্লির সভাপতি নী দাসের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন চাঁদপুর হেলা সমাজ পঞ্চায়েত কমিটির সমাজপ্রধান কৈলাশ চৌধুরী, হরিজনপল্লির সাবেক সভাপতি উত্তম হরিজন, উপদেষ্টা প্রদীপ হরিজন, শ্যামল হরিজন, সাবেক সভাপতি গুপিনাথ দাস, সাবেক সাধারণ সম্পাদক খোকন হরিজন, সুরেশ হরিজনসহ স্থানীয় নেতৃবৃন্দ।