যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীর জরুরি চিকিৎসায় চাঁদপুর কোস্টগার্ড

স্টাফ রিপোর্টার

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে চাঁদপুর কোস্টগার্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এক নারী তার পুত্রবধূকে নিয়ে ‘ফারহান-৩’ লঞ্চযোগে ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তার পুত্রবধূ হঠাৎ খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়েন।

এসময় লঞ্চের এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চে পৌঁছে ওই নারীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। কোস্টগার্ডের বোটে করে তাকে হরিণা ফেরিঘাটে আনা হয়। এরপর কোস্টগার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।