ঈশানবালা ট্রলারঘাটে নদী রক্ষা বাঁধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু

স্টাফ রিপোর্টার

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতিশ্রুতি অনুযায়ী হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালা বাজার ট্রলারঘাট এলাকায় নদী রক্ষা বাঁধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।

নদীভাঙন থেকে গুরুত্বপূর্ণ ট্রলারঘাট ও আশপাশের জনবসতি রক্ষায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙন ঝুঁকিতে থাকা এ এলাকার মানুষের প্রত্যাশা, দ্রুত ও কার্যকরভাবে কাজ সম্পন্ন হলে নদীভাঙন থেকে ট্রলারঘাটসহ আশপাশের জনপদ রক্ষা পাবে।

নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির শিকদার বলেন, সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে এ কাজ শুরু হওয়ায় তারা সন্তুষ্ট।

তিনি বলেন, আমরা আশা করি, বর্তমান সরকারের আমলেই আমাদের নীলকমল ইউনিয়নকে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন থেকে রক্ষা করবেন আমাদের সংসদ সদস্য। এটাই আমাদের প্রত্যাশা।

স্থানীয়রা জানান, নদীভাঙনের কারণে ঈশানবালা বাজার ট্রলারঘাট ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উদ্বেগের মধ্যে রয়েছেন। জিও ব্যাগ ফেলার কাজ শুরু হওয়ায় আপাতত ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তারা আশা করছেন। পাশাপাশি, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য স্থায়ী নদী রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।