হাজীগঞ্জে বাকিলায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নিয়াজ আহমেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ মে) সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিয়াজ আহমেদ ওই বাড়ির জহির আহমেদের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো শিশু নিয়াজ আহমেদ নিজ বাড়ির উঠানেই অন্যান্য শিশুদের সাথে খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষণ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করা হয়।
পরে পরিবারের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু নিয়াজ আহমেদকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরের পানিতে তলিয়ে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।


