চাঁদপুরে রং তুলির ছোঁয়ায় দিন বদলের আহ্বান

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় চাঁদপুরের বিভিন্ন স্থাপনায়। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীরা আন্দোলনে জয়লাভ করার পর বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থা পুনঃনির্মাণে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ইতিমধ্যে তারা জেলা ব্যাপী কাজ করছে ধ্বংস হওয়া স্থাপনার ধ্বংসস্তূপ ও সড়ক পরিচ্ছন্নতার, সড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে, বাজার মনিটরিং ইত্যাদি। এরমধ্যে তারা আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তা হচ্ছে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অংকন। এ কর্মযজ্ঞে অংশ নিচ্ছে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ।
ইতিমধ্যে তারা শহরের বেশ কয়েকটি স্থানে বেশ কয়েকটি দেওয়ালে সম্পন্ন করেছে গ্রাফিতি অংকন। গ্রাফিতির মাধ্যমে তারা সমাজকে বদলে দেওয়ার চেষ্টা, মানুষের চিন্তা বদলানোর আহ্বান এবং শহরের সৌন্দর্য বর্ধন ও মানুষের অধিকার আদায় বিষয় বিভিন্ন স্লোগান ফুটিয়ে তুলছে। এছাড়াও তাদের আরেকটি উদ্দেশ্য হচ্ছে যেসব দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে তা পুনম মেরামত করে ধ্বংসযজ্ঞের কত চিহ্ন মুছে দেওয়া। ইতিমধ্যে গ্রাফিতে আঁকা হয়েছে চাঁদপুর সরকারি কলেজের দেয়ালে দেয়ালে, মাতৃ পীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে এবং শপথ চত্বর (কালিবাড়ী) পুলিশ বক্সে। এছাড়াও আরো বিভিন্ন স্থানে তাদের গ্রাফিতি অঙ্কন অব্যাহত থাকবে জানাজায় ।

গ্রাফিতি অঙ্কনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সাথে আলাপ কালে তারা জানান, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের সহপাঠীদের হারিয়েছি। তারা অধিকারের জন্য জীবন দিয়েছে। তারা যেরকম দেশ গড়ার স্বপ্ন দেখেছিল আমরা সরকার পতনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি। আমরা আমাদের গ্রাফিতির মাধ্যমে তাদের এবং তাদের দাবি গুলো এছাড়াও আমরা কি ধরনের দেশ গড়ে তুলতে চাই সে বিষয়গুলো জানান দেওয়ার চেষ্টা করছি। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।

আমাদের গ্রাফিতি অংকনের মাধ্যমে সমাজের সকল মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছি। এই কাজগুলোর আরো একটি সুফল আছে। তা হচ্ছে আন্দোলনে ক্ষতিগ্রস্ত দেওয়াল গুলো মেরামত হচ্ছে। সাথে শহরের চিত্র পরিবর্তন হচ্ছে, হচ্ছে শহরের সৌন্দর্য বর্ধন। আমরা ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা এই কাজের মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়া সহপাঠীদের স্মরণে রাখবো।

এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা সরকার পতনের পর অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ প্রশাসন ও ট্রাফিক বিভাগের সদস্যরা না থাকায় রাস্তায় ট্রাফিক কন্ট্রোল ,বাজার মনিটরিং কাজ করে যাচ্ছে ছাত্র-ছাত্রীরা।