স্টাফ রিপোর্টার, শাহরাস্তি :
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা এলাকায় দেবীপুর- কালিয়াপাড়া- দোয়াভাঙ্গা খালটিতে পানি নিষ্কাশনের কথা থাকলেও ওই খালটি সম্পূর্ণ ময়লা আবর্জনায় ভরে গিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এ এলাকার পানি নিষ্কাশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাল এটি। খালের মুখ বন্ধের ফলে পানি নিষ্কাশন না হওয়ায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।
কালিয়াপাড়া বাজারের কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী তাদের আবর্জনা ফেলায় খাল মুখ ভরাট হয়েছে অভিযোগ স্থানীয়দের। এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। আর পানি অপসারণ না হওয়ায় ওই এলাকার পাঁচ গ্রামের কয়েক শ পরিবার পানিবন্ধি রয়েছে। এতে করে মানুষ ও জান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণের।
স্থানীয়রা জানান, ব্যবসায়ীদের বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার কারনে খালের মুখ বন্ধ হয়ে রয়েছে । এতে করে পানি নিষ্কাশন না হওয়ায় আমরা কয়েকশ পরিবার পানি বন্দী রয়েছি। এছাড়াও কৃষকের জমিতে ফসল বপন করা যাচ্ছে না।
কৃষকেরা জানান, ওই খাল দিয়ে দেবীপুর-কালিয়াপাড়া দোয়াভাঙ্গা হয়ে পানি ডাকাতিয়া নদীতে চলে যায়। কিন্তু খালটি ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় আমরা ওই জমিতে চাষাবাদ করতে পারছি না।
এষিয়য়ে ব্যবসায়ীদের সাথে কথা বলতে চাইলেও তারা কথা বলতে রাজি হননি।
পানিবন্দি কয়েকটি পরিবারের ভুক্তভোগীরা জানান স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে আমাদের আবেদন পানি নিষ্কাশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবীপুর- কালিয়াপাড়া- দোয়াভাঙ্গা খালটি অতি দ্রুত উন্মুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে কয়েক শ পরিবার পানিবন্দি দশা থেকে মুক্তি পাবে। ভুক্তভোগীরা খালটি পুনরুদ্ধারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন।


