স্টাফ রিপোর্টার, চাঁদপুর :
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের রঘুরামপুর এলাকায় বন্যার্ত পানি বন্দি ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার বিকেলে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করে প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সদস্যরা ।
ওই ইউনিয়ন পরিষদের ৯ নাম্বার ওয়ার্ড মেম্বার মো.শাহাজান বলেন,কুমিল্লা ও ফেনী জেলার বন্যার পানি চাঁদপুরের শাহরাস্তির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজার হাজার পরিবার গত ৮ থেকে ১০দিন পানি বন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। অনেকে এসে ত্রাণ দিলেও সবাই পাচ্ছে না।
কারণ বন্যার কারণে রাস্তাঘাট অচল হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।তবে প্রথম আলোর কারণে ত্রাণ না পাওয়া অনেক পরিবার আজ ত্রাণ পেয়েছে। এ সময় প্রথম আলো চাঁদপুর প্রতিনিধি আলম পলাশের নেতৃত্বে বন্ধুসভার সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ ১০জন সদস্য উপস্থিত ছিলেন।


