ইলিশের বাজারে কেজি প্রতি বেড়েছে দেড়শ থেকে দুইশ টাকা

স্টাফ রিপোর্টার:

দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। এমন খবরে চাঁদপুর মাছ ঘাটে মাত্র একদিনের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজিপ্রতি দেড়শ থেকে ২শ টাকা। একেতো ভরা মৌসুমে চাহিদার তুলনায় ইলিশের সরবরাহ কম তার উপর রপ্তানির খবরে ইলিশের বাজার এখন উত্তপ্ত।

দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছ ঘাট ঘুরে সরজমিনে দেখা যায়, শনিবার ৭শ গ্রাম থেকে ৯শ গ্রাম ইলিশ ১৬শ টাকায় বিক্রি হলেও রোববার তা বিক্রি হচ্ছে ১৭শ টাকায়। আর ১ কেজি ওজনের ইলিশ শনিবার ১৭শ টাকা বিক্রি হলেও রবিবার সাড়ে ১৮শ থেকে ১৯শ টাকায় তা বিক্রি হচ্ছে। ইলিশের সরবরাহ না বাড়লে ইলিশ রপ্তানির কারণে সামনে কেজি প্রতি ইলিশের দাম হবে ২৪শ থেকে ২৫শ টাকা এমনটা মনে করছেন ক্রেতা বিক্রেতারা।

২০১৮ সাল থেকে প্রায় প্রতিবছর দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠিয়েছিল শেখ হাসিনা সরকার। তবে দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের কারণে এ বছর ভারতে ইলিশ পাঠানো নিয়ে তৈরি হয় বিভিন্ন আলোচনা সমালোচনা। এর মাঝেই অন্তরবর্তী সরকারের কাছে ইলিশের আবদার করে কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি করা যাবে না। তবে শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয় আদেশ জারি করে। আর সরকারের এমন সিদ্ধান্তে ২৪ ঘন্টা না পেরোতেই চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা। যার পুরো প্রভাব পড়ছে ক্রেতাদের উপর। এতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্রেতাদের মাঝে।

চাঁদপুর মাছ ঘাটে ইলিশ কিনতে আসা ক্রেতা তাহমিনা আক্তার বলেন, আমি গত সপ্তায় এখান থেকে ইলিশ কিনেছি। আজকেও আবার ইলিশ কিনতে এলাম। কিন্তু ইলিশের দাম কেজি প্রতি ১শ থেকে ২শ টাকা বাড়তি লক্ষ্য করছি। গত সপ্তাহে এক কেজি ওজনের ইলিশ মাছ কিনেছি ১৬শ টাকা কেজি দরে। এখন এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ থেকে ১৯শ টাকা কেজি ধরে। শনিবার জানতে পারলাম পূজা উপলক্ষে ইলিশ রপ্তানি হবে ভারতে। বাজারে এসে মনে হচ্ছে সে কারণে দাম বেড়ে গেছে ইলিশের।
তাহামিনা আক্তারের মত ইলিশ কিনতে আসা আরেক ক্রেতা প্রবাসী আব্দুর রহিম। তিনি বলেন, কিছুদিন আগে মাছ কিনেছি দাম ছিল ১৬শ টাকা কেজি। আজকে আবার মাছ কিনতে এলাম মাছের দাম চাচ্ছে ১৮শ টাকা কেজি। নদী থেকে ধরা আল্লাহর দেওয়া প্রাকৃতিক মাছ। মাছের দাম এভাবে বাড়ে কিভাবে আল্লাহ জানে।

চলতি মৌসুমে ইলিশের সরবরাহ বৃদ্ধি না পেলে দাম আরো বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়িরা। ভারতে ইলিশ রপ্তানির প্রভাব এখনো শুরু হয়নি বলে দাবি করেন তারা। মাছের দাম বাড়ার পেছনে মাছের যোগান কম চাহিদা বেশি কেই দায়ী করছেন তারা ।

ইলিশ মাছের দাম বৃদ্ধির বিষয়ে মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক বলেন, চাঁদপুরের মাছের আড়ৎ গুলোতে এখনো ভারতে মাছ রপ্তানির প্রভাব পড়েনি। এখন মাছের দাম বাড়ার কারণ হচ্ছে চাহিদা অনুযায়ী মাছের যোগান আসছে না ঘাটে। অল্প কিছু মাছ আসে যা দিয়ে এখানকার যে ক্রেতা আছে তাদের চাহিদা পুরন করা সম্ভব হচ্ছে না। এজন্যই মাছের দাম কিছুটা বাড়তি। আমাদের এখানে সরাসরি ইন্ডিয়ায় মাছ বিক্রির কোন এজেন্সি নেই। মাছ রপ্তানি হয় ঢাকা থেকে। সবেমাত্র ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। এর প্রভাব আরো কয়েকদিন পরে পরবে বাজারে। মাছের যে পরিমাণ যোগান বর্তমানে আছে এমন পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে মাছের দাম আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছি আমরা রপ্তানিকে কেন্দ্র করে ।