সুমন আহমেদ :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের মতলব উত্তর সফরকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তুঙ্গে উঠেছে। আগামী ৫ জুন (শুক্রবার) উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে ব্যাপক তর্ক-বিতর্ক।
অনুষ্ঠানের আগে কয়েকটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আল মামুন আতিক নামে এক ছাত্রদল নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, নাসিরুদ্দিন পাটোয়ারী ছাড়া যে কোনো কারো জন্য মতলব উত্তর উন্মুক্ত। উশৃঙ্খল এই বক্তার পা যেন মতলবে না পড়ে সেদিকে ছাত্রদলের দৃষ্টি রাখার অনুরোধ রইল। অপর এক পোস্টে তিনি লেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারীর দুই গালে জোতা মারো তালে তালে। আগামী ৫ তারিখ নাসিরউদ্দিন ও সারজিসকে মতলব উত্তর উপজেলা ছাত্রদল প্রতিহত করবে।
অন্যদিকে স্থানীয় রাজনৈতিক মহলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর পক্ষ থেকেও অনুষ্ঠান প্রতিহতের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।
এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপি নারী শক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, নাছির উদ্দিন পাটোয়ারী ভাইয়ের মতলবে আসা উপলক্ষে যারা অনলাইনে হুমকি-ধমকি দিচ্ছেন, এদের অধিকাংশকেই উপজেলা ছাত্রদল ও নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টেড নেতা হিসেবে দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু ভিন্নমত দমনে অনলাইন হুমকি-ধমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। যুক্তির জবাব যুক্তি দিয়ে এবং বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে হওয়া উচিত।
এনসিপি মতলব উত্তর উপজেলা কমিটির সদস্য সচিব ইমদাদুল ইসলাম বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী দেশের যেখানেই যান, সেখানেই কোনো না কোনো প্রতিরোধের চেষ্টা হয়। তবে আমরা আশা করি চাঁদপুরের মানুষ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে। তবুও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে অনুষ্ঠান সফল করতে আমরা প্রস্তুত।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের পুলিশ সুপার অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এনসিপি থেকে মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ইদ্রিস আলী প্রধান বলেন, মতলব উত্তরের মানুষ পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করে। আগামী ৫ জুনের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপপ্রচার বা প্রতিবন্ধকতায় আমরা বিচলিত নই। প্রশাসনের সহযোগিতায় একটি সুন্দর ও সফল আয়োজন উপহার দিতে আমরা প্রস্তুত।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, আমরা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা চেয়েছি। অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, তাদের আগমন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বিষয়টি নিয়ে সংসদ সদস্য ও বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার অনুষ্ঠানস্থল ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নির্মাণাধীন সভামঞ্চ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন।


